চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ০১:৩৮

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিস্ফোরণের সময় ওই বাসায় শাহাদাত ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের স্লোগান দিয়ে একদল যুবক পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। শাহাদাত এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সাংবাদিকদের বলেন, “চট্টগ্রামে এই ধরনের সংস্কৃতি ছিল না। এখন আওয়ামী লীগ তা চালু করছে।”
ঢাকায় সংঘর্ষের ঘটনায় দুপুরেই নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন শাহাদাত। এরপর রাতেই তার বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটল।
তবে এ ঘটনায় চকবাজার থানার ওসি আতিক আহমেদ বলেন, এই খবরটি পুলিশ পায়নি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন।