যৌতুকের টাকা না পাওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মারুফা আক্তার নিশা (২২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহত মারুফা আক্তার নিশা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারুফা আক্তার নিশার বিয়ে হয় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের সাথে। বিয়ের পর থেকেই নিশাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে মমিন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বাঁধতো।
শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিজের ঘরে নিশার ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মমিন পলাতক রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জাফর ঈমাম জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
