বগুড়ায় অভিযান: শর্টগান ও বিদেশী রিভলবার-গুলিসহ ৩ যুবক গ্রেফতার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৬:৩৮

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পলাতক আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে একটি দেশী শর্ট গান ও বিদেশী রিভলবার এবং মোট পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিহ্নিত সন্ত্রাসী রয়েছে। বগুড়া সদর থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ।
এছাড়াও জেলাব্যাপী অভিযানে  ১৫০ পিস ইয়াবা, ৭০ বোতল ফেন্সিডিল, সাত কেজি গাঁজা ও চারটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত এই অভিযান চলে ।
অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতরা হলেন, শহরের মাটিডালী উত্তরপাড়া এলাকার শাকিল (২৮), বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের রিপন ইসলাম (২০) এবং একই এলাকার রাব্বি শেখ (২০)। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে শহরতলীর মাটিডালীতে অবস্থিত স্বাস্থ্যসেবা হাসপাতালের পিছনের গড় (উঁচু স্থান) এলাকা থেকে সদর থানা পুলিশ একটি শর্টগান ও তিন রাউন্ড গুলিসহ  শাকিলকে গ্রেফতার করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় পৃথক এক অভিযানে শহরের আটাপাড়া রাস্তায় সিএনজি তল্লাশি করে ডিবি পুলিশ রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ রিপন ইসলাম  ও রাব্বি শেখকে গ্রেফতার করে।