ফেনীতে নাইজেরিয়ান ৩ নাগরিকসহ আটক ৪

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫৩

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরামের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার বিকেলে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- এনওয়ায়ু ওসানডু মুরিসি (৩৪), চুকওয়ামাঝি ওবিনা ইসাক (৪০), চুকইউডিবিএমএ ইচ্চুকো (৪৫) ও বাংলাদেশি নাগরিক সিএনজি চালক ফেনীর পরশুরাম উপজেলার কিছমত সালধর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৫)।

ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ জন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক আটক করে। পরে ৩ নাইজেরিয়ান নাগরিকের নিকট বাংলাদেশি ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া যায়। কিন্তু ভারতীয় কোন প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

পরশুরাম মডেল থানার এসআই মো. জালাল উদ্দিন জানান, পরশুরামের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ৩ জন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক আটক করে। এজাহার দাখিলের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/বিএএফ