গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

গুরুদাসপুরে আবুল কালাম বিশ্বাস নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর নাদিয়াপাড়ার একটি লিচু গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় হত্যায় ব্যবহূত একটি ছুরি উদ্ধার ও শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

নিহত কালাম নাজিরপুর নতুনপড়া গ্রামের মৃত কালুর ছেলে।

নিহতের ভাই আব্দুল মজিদ জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে একত্রে সমিতির নামে সুদের কারবার করতেন কালাম বিশ্বাস। সেখানে কামাল ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। বেশ কয়েকদিন ধারে সুদ ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে তার (কামাল) সঙ্গে অন্যদের সম্পর্কের অবনতি হয়। এ ঘটনায় তার ভাইকে হুমকিও দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন ব্যবসায়িক অংশীদাররাই কালামকে খুন করে মোকাম আলীর লিচু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, ধারণা করা হচ্ছে, কালাম বিশ্বাসকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শহিদুল নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।