৪৩ স্কুলছাত্র নিখোঁজের তিন মাস পর আবারো বিক্ষোভ সমাবেশ হয়েছে মেক্সিকোতে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার প্রায় তিন হাজার বিক্ষোভকারী মেক্সিকো সিটির রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করে। ধারণা করা হয়— অপহরণের পর এসব স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর পুলিশের সহায়তায় একটি মাদক পাচারকারী দুর্বৃত্ত চক্র তাদের অপহরণ করে বলে জানা যায়। স্থানীয় মেয়র ও তার স্ত্রীর নির্দেশে দুঃখজনক এই ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর পুরো মেক্সিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েটোর সরকার গভীর সংকটের মধ্যে নিপতিত হয়। খবর এনডিটিভির।
এর প্রায় তিন মাস পর শুক্রবার আবারো রাস্তায় নামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের শিক্ষক প্রশিক্ষণ কলেজের অপহূত ছাত্রদের সহপাঠী, তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও বাবা-মা। এ সময় তারা কালো রংয়ে ঢাকা মেক্সিকোর লাল-সবুজ পতাকা ও নিখোঁজ ছাত্রদের ছবি বহন করে এবং তাদের জীবিত ফেরত চাই বলে স্লোগান দেয়। এ ছাড়া, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান বলেও দাবি জানান।
উল্লেখ্য, নিখোঁজ ছাত্রদের নিশ্চিতভাবে হত্যা করা হলে এটি হবে মেক্সিকোর মাদক ইতিহাসে অন্যতম বৃহত্ গণহত্যা এবং ২০০৬ সালের পর এ মাদক পাচারকারী চক্রের হাতে ৮০ হাজারের বেশি লোক নিহত এবং প্রায় ২২ হাজার লোক নিখোঁজ রয়েছে।
