সিলেট নগরীর মজুমদারীতে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে বিমানবন্দর থানার এক এএসআই আহত হয়েছেন। আহত এএসআই আরিফকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর যতরপুর এলাকার বাসিন্দা মো. লোকমান আহমদ বেলা ১টার দিকে প্রাইম ব্যাংকের দরগা গেইট শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে একটি সিএনজি অটোরিক্সাযোগে এয়ারপোর্ট এলাকায় যাচ্ছিলেন । পথে মজুমদারী বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে দুটি মোটর সাইকেলে পাঁচজন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত বিমানবন্দর থানার এএসআই আরিফ তাদের ওপর ঝাঁপিয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) রহমত উল্লাহ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহসিকতার সাথে এএসআই আরিফ ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করেছে। কিন্তু উপস্থিত লোকজন সে ভাবে সহযোগিতা না করায় তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এএসআই আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালক জীবন আহমদকে আটক করা হয়েছে।
