ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মোকামিয়াকান্দা নামক স্থানে সিনেমা হলের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
ফুলপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারাকান্দার কানুহারি গ্রামের আব্দুল কাদিরের ছেলে জয়নাল আবেদীন (২৮) মারা যান। আহম্মদ আলি (৪০) ও নোয়াব আলি (৩৫) চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে রাত ৮টার দিকে ইত্তেফাককে বলেছেন, থানায় এখনো মামলা হয়নি।
ইত্তেফাক/নূহু
