মিয়ানমারে মেয়েদের অভিযান শুরু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

মিয়ানমারে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। তিন দিন কেটেছে সেখানে। অনুশীলন আর হোটেলে অবস্থান। যেখানেই গেছেন সেখানেই খেলোয়াড়দের পেছনে নিরাপত্তা কর্মীরা চোখে চোখে রেখেছিল মারিয়া মান্ডাদের। কোচ গোলাম রাব্বানী ছোটন যেন সেটাই বুঝিয়ে দিলেন। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ ফিলিপাইন আজ বাংলাদেশকে চোখে চোখে রাখবে। তারা এমন ভাবে নিরাপত্তা বেষ্টনি বসাবে যেন মনিকা চাকমা, রিতু পর্না, আনাইচিং, তহুরা খাতুনরা বিন্দুমাত্র সুযোগ না পায়। কারণ ফিলিপাইনের খেলোয়াড় কোচ কর্মকর্তারা বাংলার নারী ফুটবলারদের উত্থানের কথা জানেন। তারা কিভাবে উঠে আসছে সেই গল্প শুনেছেন নানা ভাবে। এবার মাঠে তাদের দেখার পালা।

এএফসির অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের দ্বিতীয় পর্বের বাছাই আজ মিয়ানমারে শুরু হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ফিলিপাইন, চীন এবং স্বাগতিক মিয়ানমার। এই গ্রুপ থেকে ২টি দল চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশের জন্য কঠিন হলেও অসম্ভব মনে করছেন না কোচ গোলাম রাব্বানী ছোটন। কঠিন এই কারণেই বলা হচ্ছে প্রতিপক্ষ মিয়ানমার, ফিলিপাইন এবং চীন, তিনটি দলই শক্তিশালী। বাংলাদেশ এরই মধ্যে প্রথম বাছাই গ্রুপে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে। এখন আরেকটি বাছাই খেলার কারণ হচ্ছে এবার দেশের সংখ্যা বেড়েছে। আগের বার একটা বাছাই খেলে চূড়ান্ত পর্বে উঠে থাইল্যান্ড গিয়েছিল। সেবার ২৪টি দল খেলেছিল। এবার বাছাই খেলছে ৩০ দল।

ফিলিপাইন সম্পর্কে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা নেই। আজ সেটি হবে। উজ্জীবিত বাংলার মেয়েরা জয় নিয়ে মাঠ ছাড়তে উদগ্রীব।

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল দ্বিতীয় রাউন্ডের বাছাই উপলক্ষে গতকাল মিয়ানমারে সংবাদ সম্মেলনে বাংলার কোচ ছোটন জানিয়েছেন আমরা চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি। গত একটা বছর আমার মেয়েরা অনুশীলনের মধ্যে ছিল। কঠিন পরিশ্রম করেছে। এখন তাদের পরীক্ষা দেবার পালা। আশাকরি আজকে আমাদের প্রথম চ্যালেঞ্জ জয় করে মাঠ ছাড়তে পারব। আমাদের পরিকল্পনা পুরো পয়েন্ট নিয়ে যাওয়া।

দলের অধিনায়ক মারিয়া মান্ডা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের টার্গেট থাইল্যান্ডে চূড়ান্ত পর্বের টিকিট কনফার্ম করে যাওয়া। এখানে এসেছি সেই পরিকল্পনা করে। ফিলিপাইন কোচ ম্যানিলিয়া রেনিটি বাংলাদেশকে ভালো দল বলেছেন। বাংলাদেশ অভিজ্ঞ আমরা মনে করি তাদের সঙ্গে খুব সহজেই জিততে পারব না। কঠিন লড়াই হবে। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।