গাংনীতে পুলিশকে লক্ষ্য করে বোমা, আটক ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৩:০০
 
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর মাঠের সড়কে টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আশিক  মিয়া (২৭) নামের একজনকে পাঁচটি হাত বোমাসহ আটক করেছে পুলিশ। 
জানা গেছে, বামুন্দি পুলিশ ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্য বামুন্দি পুলিশ ক্যাম্পের অদূরে দেবীপুর মাঠের সড়কে টহলে দেয়ার সময় বামুন্দির দিক থেকে একটি মাইক্রোবাস আসলে তারা সেটিকে থামায়। এসময় মাইক্রোবাস থেকে একটি বোমা নিক্ষেপ করে কয়েকজন যাত্রী পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এসময় মাইক্রোবাসের চালক আশিক মিয়াকে আটক করে পুলিশ। মাইক্রোবাস তল্লাশি করে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। 
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিতে ডাকাত কিংবা সন্ত্রাসীরা ছিল বলে ধারণা করা হচ্ছে।