সেঞ্চুরির লক্ষ্যে ফেদেরারের জয়ী সূচনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

রজার ফেদেরার নিজের ক্যারিয়ারের ১শ’তম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নেমে তার মতোই আরেক বয়সী ফিলিপ কোহস্ক্রেইবারকে তিন সেটে হারিয়েছেন। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ৩৭ বছর বয়সী ফেদেরার দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ৬-৪, ৩-৬, ৬-১ গেমে হারান তার চেয়ে দুই বছরের ছোট জার্মান ফিলিপকে। দ্বিতীয় রাউন্ডে তার বিপক্ষ ফার্নান্দো ভার্দাসকো। দুবাইয়ের টুর্নামেন্টটি জিতলে এটি হবে তার ক্যারিয়ারের শততম ও এ প্রতিযোগিতার অষ্টম শিরোপা। জয়ের পর তিনি বলেন, ‘আমি সামনে বাড়াতে পেরেই স্রেফ আনন্দিত। এটা ছিল কিছুটা প্রতিকূল কন্ডিশন।’ সুইস ফেদেরার তার ৯৯তম শিরোপাটি জিতেছিলেন ২০১৮ সালের অক্টোবরে নিজের দেশের শহর বাসেলে। এরপর তিনি প্যারিস মাস্টার্স, লন্ডরে এটিপি ফাইনালস ও অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন। মেলবোর্নের গ্র্যান্ডস্ল্যামটির শেষ ষোলয় হারের পর এই প্রথম কোর্টে নামলেন ফেদেরার।