প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতীয় তরুণী পম্পা মন্ডল বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পল্লীতে এসে বিয়ে করে ঘর বেঁধেছিলেন আমজাদের সাথে। কিন্তু বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় দেখা দেয় বিপত্তি। প্রেম কোন বাধা না মানলেও সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশই তাদের দু’জনের জীবনের কাল হয়ে দাঁড়ায়। অবৈধ অনুপ্রবেশের ফলে আদালতের দেয়া ১৫ দিনের কারাভোগ শেষে সোমবার সকালে পম্পা মন্ডল কুষ্টিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়। কুষ্টিয়া কারাগার থেকে পুলিশী নিরাপত্তায় তাকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নিয়ে যাওয়া হয়। পরে বিজিবি, বিএসএফের মাধ্যমে পম্পা মন্ডলকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট্রের কর্মকর্তা জানান, পম্পা দেশ ছেড়ে পালিয়ে আসার পর তার ভাই তাকে উদ্ধারে ভারতীয় মানবাধিকার সংস্থা ‘সংলাপ’ এর সাহায্য চেয়ে আবেদন করেন। এরপর ‘সংলাপ’-এর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ লিগ্যাল এইডের কর্মকর্তারা তাকে উদ্ধারে কাজ শুরু করেন। পরে পুলিশের মাধ্যমে পম্পা মন্ডলকে দৌলতপুর উদ্ধার করে নিয়ে আসার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আদালত ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করে।
