মোহামেডানে শৃংখলা ফেরানোর দাবি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

মোহামেডান ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা। অভিযোগ উঠেছে খেলোয়াড়রা এখানে সিন্ডিকেট করে ম্যানেজারকে নিয়ে। এই সব অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে মোহামেডান সমর্থক দল। গত সোমবার মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে  ক্লাবের বর্তমান উদ্বেগজনক অবস্থার প্রেক্ষিতে সমর্থক দলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানানো হয়। সমর্থকদের দাবি ফুটবল দল গঠনে নানা অনিয়ম রয়েছে। অন্য ক্লাব যেখানে কম অর্থ খরচা করে ভালো দল গড়ে ফল পাচ্ছে, সেখানে মোহামেডান এতো বেশি অর্থ খরচা করেও সুফল পাচ্ছে না। এখানে কোচের উপর খরবদারি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন সমর্থক দলের কর্মকর্তারা।

সমর্থক দলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু জানিয়েছেন, বৈঠকে আরেক পরিচালক সারওয়ার হোসেনও উপস্থিত ছিলেন। বাবু গতকাল ইত্তেফাককে ফোনে জানিয়েছেন কোনো কোচ এই ক্লাবে কাজ করতে পারে না। ম্যানেজার বাবু এবং খেলোয়াড় জাহিদের (জাহিদ হাসান এমিলি) বিপক্ষে অভিযোগ করেছেন কোচ নাসির। সমর্থক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে বাবু বলেন, ‘আমরা শৃংখলা ফিরিয়ে আনার দাবি করেছি। না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে। লিগের ফিরতি পর্বে বিদেশি কোচ খেলোয়াড় আনতে হবে, দলের শৃংখলা ফেরাতে হবে। ক্রিকেটে ভালো দল গড়তে উপযুক্ত খেলোয়াড় আনতে হবে।’