কুমিল্লায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৯:২১
কুমিল্লা মহানগরীতে পারিবারিক কলহের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে রেহেনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার কুমিল্লা মহানগরীর তালপুকুরপাড় এলাকার ফারুক মঞ্জিল নামের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূর প্রতিবেশি ও পারিবারিক সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী স্বামী মিজানুর রহমানের সাথে গৃহবধূ রেহেনার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার সকালে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই ওই গৃহবধূ আগুনে পুড়ে মারা যায়। ওই গৃহবধূ ৩ সন্তানের জননী। ঘটনার সময় তার ৪ বছরের ছেলে বাসায় ছিল। কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই শামসুদ্দিন জানান, পারিবারিক বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকালে নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে। গৃহবধূর স্বামীর গ্রামের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামে।