ভোলার মনপুরার ঢালচরের উত্তর পার্শ্বে মৌলভীর চর সংলগ্ন মেঘনায় ৪টি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে একটি ট্রলার সহ ৩ জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ ট্রলারগুলোতে জলদস্যুরা হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মনপুরার মৌলভীর চর সংলগ্ন মেঘনায় প্রতিদিনের ন্যায় জেলেরা মাছ ধরতে যায়। হাতিয়ার জলদস্যুদের একটি চক্র সশস্ত্র অবস্থায় আইয়ুব আলী মাঝি, প্রতাপ মাঝি, আরিফ মাঝি ও সেলিম মাঝির ট্রলারে অতর্কিত হামলা চালায়। সশস্ত্র জলদস্যুরা ৪টি ট্রলারের জেলেদেরকে মারধর করে নদীতে ফেলে দেয়। এ সময় তারা ৫লাখ টাকা মুক্তি পনের দাবিতে আইয়ুব আলী মাঝির ট্রলার সহ প্রতাপ মাঝি, আরিফ মাঝি ও সেলিম মাঝিকে নিয়ে যায়। অপহূত ৩ জেলে ও হামলার শিকার ট্রলারগুলোর জেলেদের বাড়ী মনপুরার রামনেওয়াজ এলাকায় বলে জানা গেছে। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার জানান, ট্রলার ডাকাতির ঘটনা জেলেদের মাধ্যমে শুনেছি। অপহূত জেলেদেরকে উদ্ধারে তত্পরতা অব্যাহত রয়েছে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলার ও অপহূত জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।
