আবুধাবি টেস্ট

নিউজিল্যান্ডের অবিশ্বাস্য জয়

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:০৭

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বললেন, এটা টেস্ট ক্রিকেটের অসাধারণ এক বিজ্ঞাপন।

কথাটা একদমই মিথ্য নয়। আবুধাবিতে টেস্ট ক্রিকেটের অসাধারণ এক প্রদর্শনী হলো গতকাল। টেস্টের চতুর্থ দিনে ১৭৬ রান তাড়া করতে নেমেছিল পাকিস্তান। গতকাল তারা ব্যাটিং শুরু করেছিল বিনা উইকেটে ৩৭ রান নিয়ে। মানে শেষ দিনে ১৩৯ রান দরকার ছিল পাকিস্তানের; হাতে সব কটি উইকেট। কিন্তু মামুলি এই পথটাই পাড়ি দিতে পারল না পাকিস্তান। বলে বলে নাটক জমে ওঠা ম্যাচে আজাজ প্যাটেলের বোলিংয়ের সামনে ১৭১ রানে অলআউট হয়ে গেল তারা। নিউজিল্যান্ড পেল ৪ রানের অবিশ্বাস্য এক জয়।

লো স্কোরিং এই ম্যাচে বোলারদের দাপট শুরু হয়েছিল প্রথম ইনিংস থেকেই। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৫৩ রানে। জবাবে পাকিস্তান ২২৭ রান করে অলআউট হয়। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৯ রানে। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭৬ রান।

আগের দিনই বিনা উইকেটে ৩৭ রান তুলে ফেলেছিল পাকিস্তান। ফলে তাদের জয়টা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু সকাল বেলায় প্রথম ধসের মুখে পড়ে তারা। অভিষিক্ত আজাজ প্যাটেল ও ইস সোধি পরপর তুলে নেন ৩ উইকেট। সকালে আর মাত্র ১১ রান যোগ করতে এই ৩ উইকেট হারায় পাকিস্তান। তখনও পাকিস্তানের ম্যাচ হারানোর আতঙ্ক তৈরি হয়নি। কারণ আজাহার আলী ও আসাদ শফিক ভালো একটা জুটি করে ম্যাচকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আজাহার ও শফিক চতুর্থ উইকেটে ৮২ রান যোগ করেন। ৮১ বলে ৪৫ রান করা শফিককে নেইল ওয়াগনার ফিরিয়ে নিউজিল্যান্ডকে খেলায় ফেরান। এরপর আরেকটু প্রতিরোধ গড়তে চেষ্টা করা বাবর আজম রানআউট হয়ে ফেরেন ১৩ রান করে। আর এখান থেকেই আজাজ প্যাটেলের ভয়ানক বোলিং শুরু।

এক প্রান্তে আজাহার আলী লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অন্য প্রান্তে প্যাটেল একটার পর একটা উইকেট তুলে নিচ্ছিলেন। ৩ রান করা পাকিস্তানি অধিনায়ক সরফরাজকে ফেরান তিনি। এরপর বিলাল আসিফ ও হাসান আলীর উইকেটও তুলে নেন। শেষ চার ব্যাটসম্যানই আটকে ছিলেন শূন্য রানে।

তারপরও শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আব্বাসকে নিয়ে একটা শেষ চেষ্টা করছিলেন আজাহার আলী। আব্বাসকে স্ট্রাইক থেকে দূরে রেখে যতোটা সম্ভব নিজেই ম্যাচকে কাছে টেনে নিয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে পাকিস্তান ছিল আর মাত্র ৫ রান দূরে। আর এখানেই আজাহার আলী নিজে প্যাটেলের পঞ্চম শিকার হয়ে ফেরেন। শেষ হয় সব নাটকীয়তার।

অভিষেকেই দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ভারত থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমানো আজাজ ইউনুস প্যাটেল।