বগুড়ায় নিজ বাড়ির কাছে বাকির উল্লাহ শেখ ওরফে বিপ্লব (১৮) নামে বেসরকারি পলিটেকনিকের এক ছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর ছিলিমপুর তালুকদার পাড়ার একটি বাগান থেকে বগুড়া সদর থানা পুলিশ বিপ্লবের হাত পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে । নিহত বিপ্লব ছিলিমপুর উত্তড়পাড়ার রানা শেখের ছেলে এবং বে-সরকারি পলিটেকনিক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিআইআইটি ) এর কম্পিউটার ট্রেডের প্রথম বর্ষের ছাত্র । তিনি ছিলিমপুর উত্তরপাড়ার দুবাই প্রবাসী রানা শেখের ছেলে । তারা বাবাসহ পরিবারে বেশিরভাগ স্বজন প্রবাসে রয়েছেন ।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম ও চাচাতো ভ্ইা টগর জানান, বিপ্লব বুধবার রাত ৮টার দিকে তার নতুন কেনা ফিজার নামের একটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুর সাথে বাড়ি থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত তারা জ্বলেশ্বরীতলা এলাকায় আড্ডা দেয় । এরপর রাতে আর বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। নিহত বিপ্লবের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । এছাড়াও তার হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ইউকেলিপটাস বাগানে তার হাত পা বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিহত বিপ্লবের বাবা রানা শেখ দুবাই প্রবাসী। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে থার্টিফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মোটর সাইকেল এবং মোবাইল ফোন ও খোয়া গেছে । ফলে ছিনতাই এর ঘটনাও হতে পারে । তদন্ত চলছে । ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে আটক করলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
