গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক লবিস্ট যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষে সাফাই গাওয়ায় তার ফাঁসির চূড়ান্ত রায় দুইমাস অতিবাহিত হয়ে গেলেও তা কার্যকর করা হচ্ছে না। এই রায় কার্যকরে কালক্ষেপণ না করে অবিলম্বে তাকে ফাসিঁতে ঝুলানো হোক। রায় কার্যকর নিয়ে নতুন কোন নীল-নকশা করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে এর জবাব দেয়া হবে। আপাতত কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে শাহবাগে প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। প্রয়োজনে এ কর্মসূচি সপ্তাহে সাতদিন ও দিনে ২৪ ঘণ্টা পালন করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে চূড়ান্ত রায় কার্যকরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি পালন করেন মঞ্চের কর্মীরা।
ইমরান বলেন, রাতের অন্ধকারে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় পরিবর্তন করলেও জনগণ এই নীল-নকশা বাস্তবায়ন হতে দেয়নি। তারা রাজপথে থেকে এর মোকাবেলা করেছে। ঠিক তেমনি যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রায় নিয়ে কোন ষড়যন্ত্র করা হলে রাজপথে থেকে মোকাবেলা করবে জনগণ। কামারুজ্জামানের রায়ের রিভিউয়ের সুযোগ না থাকা সত্ত্বেও রিভিউয়ের সুযোগ দেয়া হয়েছে। এটি খুবই ন্যাক্কারজনক। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ নিয়ে কেউ তালবাহানা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে গণজাগরণ মঞ্চ।
