রাজধানীতে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুইটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় খিলগাঁও পূর্ব গোড়ানের একটি বাসায় সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পাশের ভাড়াটিয়া আমিনুল ইসলামের (৫০) ঘরে গেলে সে ধর্ষণের শিকার হয়। পরে দুপুর ২টায় শিশুটিকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোডে তিন বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়।
শিশুটির খালা জানান, পাশের বাসার ভাড়াটিয়া রবিউলের (১৮) ধর্ষণ করেছে। শিশুটিকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঞা জানান, শিশু ধর্ষণের অভিযোগ তিনি শুনেছেন। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
