লাকসামে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩০

লাকসাম পৌরসভার গোপালপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই নারীর নাম নাছিমা আক্তার (৩০)। তার বাড়ি পার্শ্ববর্তী লালমাই উপজেলার আলীশ্বর এলাকায়। ওইদিন সকাল ৮টায় গোপালপুর গ্রামের শাহআলমের বসতবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাইনুদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওইদিন সকালে হাত-পা বাঁধা নাছিমার লাশের খবর পেয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মাইনুদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, মামলা দায়েরের পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এবং গ্রেপ্তারকৃত মাইনুদ্দিনকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।