ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৫৩

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৬:৩৯
ফেনীতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সহস্রাধিক নেতা কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে পুলিশের ওপর হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শনিবার বেলা ১২টা পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ মামলায় আসামিদের মধ্যে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন, জেলা সাইবার ইউজার দলের সভাপতি শরীফুল ইসলাম রাসেল, শহর যুবদল নেতা রাসেল পাটোয়ারি, ছাত্রদল কর্মী রাহাত, বাবলু, জুয়েল ও বোমা টিপু অন্যতম।
গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে ছাত্রদলকর্মী দীন মোহাম্মদ, আইয়ুব আলী, শরীফুল ইসলাম, সাদ্দাম হোসেন, জামানসহ ফেনী সদর থানায় ২৮ জন, দাগনভূঁঞা থানায় ১২, ফুলগাজী থানায় ৭, ছাগলনাইয়া থানায় ৫, সোনাগাজী মডেল থানায় ২ ও পরশুরাম মডেল থানায় একজন। 
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করলে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শহরের এসএসকে (শহীদ শহীদুল্লাহ কায়সার) সড়ক অবরোধ করে গাড়ি এবং সড়কের দু’পাশে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর করে মিছিলকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫টি টিয়ারশেল ও ১৯ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করেছে। সংঘর্ষে ছাত্রদল কর্মী, সাধারণ পথচারীসহ অন্তত ৩০জন আহত হয়।