জীবননগরে ৩ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৭:৫৬
জীবননগরে ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ওরফে ডেও হাসানসহ ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার বিকেলে শহরের থানা মোড়ে ছাত্রলীগ নেতাদের উপর এ হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসানসহ আহত অপর ছাত্রলীগ নেতা তুষার ও পথচারী শরিফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেছে। হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন গ্রুপের ছাত্র ও যুবলীগ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ দিকে হামলার প্রতিশোধ নিতে স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহরে মহড়া দেয়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।