চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

বেসরকারি প্রতিষ্ঠান আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বাদী দুদক সহকারী পরিচালক সিরাজুল হক ইত্তেফাককে বলেন, তিন জনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত অনুসন্ধানের ভিত্তিতে মামলাটি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি মামলার অনুমোদন দেওয়া হয়।

মামলায় অভিযুক্তরা হলেন— আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পিসিআর শাখার ব্যবস্থাপক মো. নাজির উদ্দিন এবং সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, চট্টগ্রামে এবি ব্যাংকের পিসিআর শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ঋণ সুবিধা গ্রহণ করেন মো. মোজাহের হোসেন। ২০১৩ সালে এবি ব্যাংকের অভিযুক্ত দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির পোর্ট কানেক্টিং শাখা থেকে এলসি’র মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, কেমিক্যাল আমদানি করা হয়। সেই পণ্য বাজারে বিক্রি করা হয়। কিন্তু গ্রাহক মোজাহের ও অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা ওই ঋণের সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাত্ করেন।