বিরামপুরে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৫:০৯
বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে। দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আটক হিমেলকে (২২) রবিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার চন্ডিপুর-মৌপুকুর সড়কে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জনৈক আ. ছাত্তারের সাইকেল ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছুরি ও লোহার রডসহ হিমেল নামে ওই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে সাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়। হিমেল উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম রব্বানী চিশতী জানান, পলাতক ছিনতাইকারীদের আটক করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।