স্থানীয় ইউপি চেয়ারম্যানের রায়

চুরির দায়ে যুবকের হাত কর্তন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ২১:১৯
 
নাটোরের সিংড়ায় মহিষ চুরির দায়ে আলম (২০) নামে এক যুবকের হাতের কবজি কেটে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন। সোমবার বেলা ১০টায় এলাকাবাসীল উপস্থিতিতে ৪ নম্বর কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু ওই যুবকের হাত কর্তনের নির্দেশ দেন।
 
এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মুমূর্ষূ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আলম কলম ইউনিয়নের কৃষ্টপুর মত্স্যজীবি পাড়ার মৃত আ. খালেকের পুত্র।
 
জানা যায়, রবিবার রাতে নুরপুর গ্রামে ফকির প্রামাণিকের এর দুটি মহিষ চুরি হয়। আজ ভোরে বিলদহর যাওয়ার পথে মহিষসহ আলমকে হাতেনাতে আটক করে নুরপুর বাজারে চেয়ারম্যানের অফিসে নিয়ে আসা হয়। পরে লোকজনের উপস্থিতিতে মুসা ও রমিজুল প্রকাশ্য তার বাম হাত কর্তন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দলীয় প্রোগ্রামে সিংড়ায় আছেন বিষয়টি তার জানা নাই।
 

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে কেউ অভিযোগ দিতে আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।