বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের জেরে প্রতিযোগিতার শেষেই চাকরি হারিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হোর্হে সাম্পাওলি। সেই থেকে অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্ক্যালোনির তত্ত্বাবধানেই খেলছে আলবিসেলেস্তেরা। এবার দলের ফরোয়ার্ড পাওলো দিবালা জানালেন, স্থায়ী কোচ হিসেবে স্ক্যালোনিকেই দেখতে চান তারা। সমপ্রতি সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই স্ক্যালোনিই (কোচ হিসেবে) চালিয়ে যান। তিনি খুব ভালোভাবেই কাজ করছেন এবং তিনি কোচ হিসেবে থেকে গেলে আমরা খুশিই হব। তবে এটি আমাদের সিদ্ধান্ত নয়।’ জুভেন্তাস ফরোয়ার্ড আরো বলেন, ‘তার অধীনে একটি অসাধারণ দল গড়ে উঠছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি স্ক্যালোনি, যিনি খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেন তার সাহায্য নিয়ে আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো।’ কাল সকাল ছয়টায় ঘরের মাঠে মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
