অবরোধে সংঘর্ষ ট্রেন বাসে আগুন, নিহত ৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ০০:১৯

অবরোধ চলাকালে গতকাল দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও পুলিশের উপর হামলা, বিচ্ছিন্ন সংঘর্ষ, গুলি এবং ট্রেন ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে এক অটোরিক্সা যাত্রী ও দুই যুবদলকর্মী নিহত এবং এক ট্রাকচালক মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। এছাড়া ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সহিংসতায় জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দেড় সহস াধিক ব্যক্তির নামে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদাতা জানান, জেলার উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে অবরোধকারীদের হামলায় ইসমাইল হোসেন (৩২) নামে এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। ভোর সাড়ে সাতটার দিকে শ্যামলীপাড়া এলাকায় ওই অটোরিক্সাটির উপর ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে ইসমাইল হোসেন ও অটোরিক্সা চালক শিপনসহ আরো ৪ যাত্রী আহত হন।  গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান। তিনি জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ  গ্রামের সমশের ফকিরের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা অবরোধকারীদের হামলায় সিএনজি যাত্রীর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, জেলার চৌমুহনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদলকর্মী রুবেল (২০) ও মহসিন (২২) মারা গেছেন। এতে  পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনভর শান্ত থাকলেও বিকেল সাড়ে চারটার দিকে বিএনপি মিছিল নিয়ে শহরের রেলগেটে এসে কর্তব্যরত পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় তারা বেশ কয়েকটি দোকান ভাংচুর ও রাস্তার পাশে থাকা ৫টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের লক্ষ্য করে প্রথমে রাবার বুলেট ও পরে গুলি ছোঁড়ে। এতে যুবদলকর্মী রুবেল ও মহসিনসহ আরো তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে পথে রুবেল ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মহসিন মারা যান। এ ঘটনায় মিছিলকারীদের ইটের আঘাতে পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ ৪ জন আহত হন।
যশোর অফিস জানায়, ভোরে উপশহর এলাকায় দুটি বাসে অবরোধ সমর্থকরা আগুন দেয়। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা ট্রাকচালক মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের তোরাব মোল্লার ছেলে মুরাদ হোসেন (২৫) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, বিএনপি’র মিছিল চলাকালে দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীর কল্যাণ হাইস্কুল এলাকায় দু’দফায় পুলিশের শটগানের গুলিতে পথচারী, দোকান মালিক ও কর্মচারীসহ ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পার্লার মালিক মারজাহান (৩০) ও চা দোকানের কর্মচারী হূদয়কে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ দেলোয়ার, তামিম, মিলন ও জহিরুলকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়েছে বলে আরএমও ডা. ফরিদ উদ্দিন জানান।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলার সাতবাড়িয়া-ফকিরেরহাট বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একদল মুখোশধারী ব্যাপক ইট-পাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। পুলিশ জানায়, হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পে ককটেল হামলা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে সন্ত্রাসী জিসান বাহিনী। মঙ্গলবার রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে একদল দুর্বৃত্ত কিশোরগঞ্জ রেলস্টেশনে দণ্ডায়মান ময়মনসিংহগামী ৩৯ আপ ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের বগির একটি সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ ও স্টেশনের কর্মচারীরা দ্রুত নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ আহত হননি।
সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যানের বাড়িসহ ৫টি বাড়িতে হামলা চালানো হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সকালের দিকে জেলা সদরের ভাইবোনছড়া এবং মহালছড়ি উপজেলার কুমিল্লা টিলা এলাকায় বিএনপি-আওয়ামী লীগের পৃথক সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এছাড়া জেলা সদর হাসপাতাল থেকে আটক করা হয়েছে তিন বিএনপি কর্মীকে।
সিলেট অফিস জানায়, অবরোধে নগরীতে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। এতে জনভোগান্তি বাড়ছে। নগরীর আম্বরখানায় ছাত্রদল নেতাকর্মীরা একটি সিএনজি অটোরিক্সায় আগুন ও তিনটি অটোরিক্সা ভাঙচুর করে এবং ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে। 
রাজশাহী অফিস জানায়, অবরোধের দ্বিতীয় দিন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিল। সকাল থেকে তারা নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের চেষ্টা চালায়। সড়কে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে ও ইট ভেঙে অবরোধের চেষ্টা করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শহরের বিভিন্ন স্থানে ১৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার কাঁঠালবাড়ীয়ায় মঙ্গলবার গভীর রাতে একটি ট্রাক আটকিয়ে অগ্নিসংযোগ করলে মালামালসহ ট্রাকটি ভস্মীভূত হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে শহরের ঝিলটুলি এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঝালকাঠি প্রতিনিধি জানান, শহরের ব্র্যাক মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে সকাল ৬ টার দিকে এলাকার ছাত্রলীগ কর্মী নজরুলকে কুপিয়ে জখম করে অবরোধকারীরা। আহত নজরুল বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বরিশাল অফিস জানায়, গোপন বৈঠক চলাকালীন মঙ্গলবার রাত তিনটার দিকে নগরীর আলেকান্দা এলাকার জমির খান সড়কের একটি মেস বাসায় অভিযান চালিয়ে পেট্রোল, লোহার পাইপ, সরকার বিরোধী বই ও লিফলেটসহ মহানগর শিবিরের সভাপতি রহমাতুল্লাহ শিবাহসহ ১৫ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নাটোর প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে শহরে মিছিল-সমাবেশ করেছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। এর আগে সকালে ছাত্রদল কর্মীরা রেলস্টেশনে টায়ারে আগুন জ্বালিয়ে ট্রেন অবরোধের চেষ্টা করে। এদিকে নলডাঙ্গা থানা পুলিশ গোপন বৈঠক করার অভিযোগে জেলা শিবিরের সভাপতি আলমগীর হোসেনসহ ৩ জনকে আটক করেছে।
পাবনা প্রতিনিধি জানান, নাশকতার আশংকায় জেলার ১১টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রংপুর প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, উপজেলায় সংঘর্ষের ঘটনায় ২০ দলীয় জোটের ৭ শতাধিক নেতাকর্মীর নামে পৃথক ৩টি মামলা হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, উপজেলার টোরাগড় গ্রামে আগের দিন বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ২টি মামলায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

চট্টগ্রাম অফিস জানায়, রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কে বা কারা পর পর ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।