মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাত ৩টা ৫মিনিটে টিলাগাঁও স্টেশন এবং মনু রেলস্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
কুলাউড়া রেলওয়ের প্রকৌশলী দুলাল চন্দ্র দাস জানান, কুলাউড়ার টিলাগাঁও ও মনু রেলওয়ে স্টেশনের মাঝের চকশালন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেটের স্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এলে এটি মেরামত করে যোগাযোগ সচল করা হবে। আশা করা যাচ্ছে সন্ধ্যার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা নাশকতা ঘটাতে রেলের ফিসপ্লেট খুলে রেখেছিল।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কামরুল হাসান জানান, দুর্ঘটনা বিষয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (রেল) নাজমুল ইসলামকে প্রদান করে বিভাগীয় প্রকৌশলী-২ মো. আরমান হোসেন, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী (লকো) সাদিকুর রহমান ও কমানডেন্ট নিরাপত্তা ফাত্তাহ ভুঁইয়াকে সদস্য করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
