সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার গুপ্তচর সন্দেহে চারজনকে গুলি করে হত্যা করেছে সোমালিয়ার আল-শাবাব ইসলামি জঙ্গিরা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বারধেরিতে এ হত্যার ঘটনা ঘটে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। খবর বিবিসির।
জঙ্গি সংগঠনটির পরিচালিত আদালত গোয়েন্দা সংস্থা সিআইএ, ইথিওপিয়া এবং সোমালি সরকারের গুপ্তচর হিসেবে ওই চারজনকে দোষী সাব্যস্ত করে হত্যার আদেশ দেয়। আদালত জানায়, এদের একজন সিআইএর হয়ে কাজ করে এবং আল-শাবাব কমান্ডারকে হত্যায় সহযোগিতা করেছে। তবে কমান্ডারের নাম উল্লেখ করেনি আদালত। এরপর সংগঠনটির ফায়ারিং স্কোয়াড দল তাদের এক জনাকীর্ণ জায়গায় নিয়ে যায় এবং তাদের ওপর গুলি চালায়।
স্থানীয় এক বাসিন্দা আলি রনো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, একটি বড় জনাকীর্ণ জায়গায় দুইজন বন্দুকধারী দুই সৈন্যসহ চারজনকে পেছন থেকে গুলি করে। এ সময় তাদের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করছিল। এ দিকে, গত সেপ্টেম্বরে মার্কিন বিমান হামলায় সংগঠনটির নেতা আহমেদ আব্দি গোদানে এবং গত মাসে দলটির গোয়েন্দা প্রধান তাহলিল আব্দি শাকুর নিহত হন।
