ইউরোপে যুক্তরাষ্ট্রের ১৫ ঘাঁটি বন্ধ: মনোযোগ এশিয়ার দিকে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ২০:২৮
 
 
 
ইউরোপজুড়ে থাকা ১৫টি সেনাঘাঁটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে—এ পদক্ষেপের ফলে বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলার সাশ্রয় হবে এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এশিয়ার দিকে তাদের মনোযোগ বাড়াতে পারবে। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার ফলে আগামী কয়েক বছরে যুক্তরাজ্য থেকে ২ হাজার মার্কিন সেনা কমিয়ে আনা হবে। চাক হেগেল স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর বিবিসির।
 
৬০ হাজারেরও বেশি মার্কিন সেনা ইউরোপজুড়ে ছড়িয়ে রয়েছে। তবে বেশির ভাগ সেনাই রয়েছেন জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে। এ সব সেনার বেশির ভাগই ইউরোপে প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কাজ করে থাকেন।
 
এর মধ্যে আরএএফ (রয়েল এয়ার ফোর্স) লাকেনহেথ ঘাঁটিকে এফ-৩৫ বিমানের জন্য ইউরোপের প্রথম স্থায়ী সেনাঘাঁটি হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি। ইউরোপে পালাক্রমে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে  মার্কিন সেনা সব সময়ই থাকবে।
পর্তুগালের বিরোধিতার মুখে অ্যাজোরেস দ্বীপপুঞ্জে অবস্থিত লাজেস সেনাঘাঁটি থেকে ৫০০ সেনা ছাঁটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ছাড়া, যুক্তরাজ্যের সাফ্ফল্কে অবস্থিত আরএএফ মিল্ডেনহল এবং কেমব্রিজশায়ারে অবস্থিত আরএএফ অ্যালকোনবুরি ও আরএএফ মোলসওয়ার্থ ঘাঁটি ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।