চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল মঙ্গলবার রাঙ্গামাটি পুলিশ লাইন সুখী নীলগঞ্জে নবনির্মিত জেলা পুলিশের অস্ত্রাগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর তিনি একথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, পার্বত্য দুর্গম এলাকায় পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে বিভিন্ন উপজেলায় নতুন নতুন থানা ভবন নির্মাণ করা হয়েছে। আরো কিছু থানা ভবনের কাজ চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জন্য কিছু গাড়িও দেয়া হয়েছে। পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিস্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরো জোরদার করা হবে।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
