ভুল চিকিৎসায় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক শিশু মৃত্যু হয়েছে অভিযোগ করে এক ক্লিনিকে ভাঙচুর করা হয়েছে। নিহত শিশুটির নাম জিসান (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাচক গ্রামের দিন মজুর গনি ছৈয়ালের পাঁচ বছর বয়সী ছেলে জিসান দুপুরে সমবয়সীর সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পায়। তখন তাকে ভোজেশ্বর পাইলট মোড়ে নিউ এপোলো ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়। এক চিকিৎসক জিসানকে একটি ইনজেকশন পুশ করে। তারপরই জিসানের শরীরে খিঁচুনি শুরু হয়। ক্রমে জিসানের অবস্থার অবনতি হতে থাকলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৫টায় জিসানের মৃত্যু হয়।
নড়িয়া থানার ওসি কবিরুল ইসলাম বলেন, শিশুটির স্বজনরা ও উত্তেজিত জনতা ক্লিনিকে হামলা করে ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
