জমি সংক্রান্ত বিরোধ

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর, আহত ৪

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেওয়ায় দুই নারীর শ্লীলতাহানি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় ঘটে এ ঘটনা। জরিনা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার মুনছুর আলীর সঙ্গে তাদের পূর্ব থেকে শত্রুতা ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে মুনছুর আলী, ফাহিম, ইয়াকুবসহ অজ্ঞাত ২/৩ জন দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জরিনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় জরিনা বেগমের স্বামী মোতালিব মিয়া ভাঙচুরে বাধা দিলে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। মোতালিব মিয়ার চিত্কারে জরিনা বেগম ও তার দেবরের স্ত্রী হাবিবা ও লিপি আক্তার এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে জখম করা হয়। এ সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত মুনছুর আলী বলেন, তাদের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ আছে, কিন্তু বাড়িঘরে হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।