ম্যারেজ মিডিয়ার নামে সুন্দরী তরুণীদের দিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল একটি চক্র। পত্রিকায় ‘প্রবাসী তরুণীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে তারা হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। এই চক্রের সাত সদস্যকে শনিবার রাতে গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল রহমান বাদল, মাসুম বিল্লাহ ওরফে হাসান, জাহাঙ্গীর হোসেন, রাহাত হোসেন, হাসানুজ্জামান খান সোহাগ, সালমা আক্তার ও মিতু মিষ্টি।
ডিবি সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভুয়া কার্যালয় খুলে প্রতারণা করে আসছিল। অষ্ট্রেলিয়া, লন্ডন, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী সুন্দরী তরুণীদের সঙ্গে বিয়ে দেয়ার কথা বলে তারা বিবাহেচ্ছু ব্যক্তিদের আকৃষ্ট করতো। এ জন্য তারা চটকদার বিজ্ঞাপন দিত বিভিন্ন পত্রিকায়। আগ্রহীরা যোগাযোগ করলে সুন্দরী তরুণীদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিষ্ট্রেশনের নামে হাতিয়ে নিত টাকা। পরে চক্রের নারী সদস্যদের সঙ্গে কোনো রেস্তোরায় দেখা করিয়ে বিশ্বাস অর্জন করতো। এরপর ভুয়া বিয়ের মাধ্যমে টাকা-স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যেত তারা। কিছুদিন পর অন্য জায়গায় নতুন করে কার্যালয় খুলে তারা প্রতারণা শুরু করতো। তাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার তথ্য-প্রমাণ পায়া গেছে। বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। অভিযানের সময় চক্রের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায় বলেও জানায় ডিবি।
