গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, নিহত ১

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১০:২৬



ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা ব্রীজ এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে পারভেজ (২৫) নামে এক যাত্রী নিহত, একজন দগ্ধ ও দুই জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রীরামপুুর গ্রামে। তিনি রংপুরে ওয়ার্কসপে গ্রীল তৈরীর কাজ করতেন।
আগুনে পুড়ে দগ্ধ বাসযাত্রী রংপুরের পীরগঞ্জের আসাদুল (৩০) কে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহত অন্য দুইজনের নাম জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, এ্যানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় চলন্ত গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে বাসের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আতংকে পারভেজসহ তিন যাত্রী বাসের জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এসময় বিপরীতমূখী রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্য দুই জন আহত হয়।  
আগুনে দগ্ধ আসাদুল (৩০) কে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ার রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত; এর আগে শুক্রবার অবরোধকারীদের ধাওয়ায় গুরুতর আহত হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে ২০ দলীয় জোটের অবরোধকারীদের হাতে এ পর্যন্ত গাইবান্ধায় দুই জন নিহত হলেন।