নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেনিখালী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাদ্দাম হোসেন, আরিফ হোসেন ও আনোয়ার হোসেন ওরফে টুকু। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত ৩টি ছোরা, ১টি কাওয়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় ডাকাতির মামলা হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেনিখালী ব্রিজ এলাকায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঘটনাস্থল থেকে ঐ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
