ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে সরকারকে উকিল নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মশার যন্ত্রণা থেকে বিমানবন্দরে থাকা বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও স্বজনদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টে রিট করা হবে।
গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কাউন্সিলর বরাবর এই নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ। তিনি বলেন, দেশের আন্তর্জাতিক এই বিমানবন্দরে যেভাবে যাত্রীদের মশার যন্ত্রণা সইতে হচ্ছে তা নজিরবিহীন। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
