৬ জেলায় হরতাল আজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০১:১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বগুড়া, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সুনামগঞ্জ, মাগুরায় আজ মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপিসহ ২০ দলীয় জোট। এদিকে গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা রেল কন্ট্রোল রুমে হাত বোমা বিস্ফোরিত হয়। ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।

বগুড়া প্রতিনিধি: জেলায় ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের সময়সীমা আরও ১২ ঘন্টা বাড়ানো হয়েছে । ফলে আজ মঙ্গলবার সকাল ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে। ২০ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম গতকাল সোমবার হরতালের সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছিল ২০ দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমুসহ জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আরও ১২ ঘন্টা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে জেলার গাবতলী উপজেলায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘন্টার হরতাল আহ্বান করেছে উপজেলা বিএনপি।
ময়মনসিংহ প্রতিনিধি: জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ময়মনসিংহ বিএনপি। জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেনের বাসভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ হরতালের ঘোষণা দেয়া হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ থানা পুলিশ গত রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০২ জন জামায়াত-বিএনপি’র কর্মীকে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে স্থানীয় যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। অপরদিকে অবরোধের ৭ম দিনেও ৩য় দিনের মত সোনামসজিদ স্থল বন্দরে ভারতের মহদিপুর স্থল বন্দর থেকে কোন পণ্যভর্তি ট্রাক প্রবেশ করেনি বলে স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেট সূত্রে জানা গেছে।
নোয়াখালী প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে ২০ দল। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ এ খবর নিশ্চিত করেন। এদিকে মোহাম্মদ শাহজাহানের আটকের খবরে বিএনপি ও ২০ দলের কর্মীরা জেলা শহর মাইজদীর মফিজপ্লাজার সামনে প্রধান সড়কের একটি ইজিবাইক পুড়িয়ে দেয় ও বিভিন্ন স্থানে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, যাত্রীবাহী বাস, ট্রাক এবং মটর সাইকেল ভাংচুর করে। অপরদিকে গতকাল বিকাল পর্যন্ত সুধারাম থানার ও জেলা ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে ১০ বিএনপি কর্মীকে আটক করে। আটকের বিষয় নিশ্চিত করেছেন এসপি মো. ইলিয়াস শরীফ।
সুনামগঞ্জ প্রতিনিধি:জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বিএনপির বিলপাড়ের দলীয় কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হরতাল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
মাগুরা প্রতিনিধি : জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। স্থানীয় বিএনপি সূত্রে খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা হরতালে গতকাল সোমবার জেলায় দেড় শতাধিক হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলে শহরের মধ্যে বেশ কিছু অটোরিকশা, রিকশা চলাচল করে। দুপুর ১২টার দিকে হরতাল সমর্থনে জেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মাহমুদ, সাধারণ সম্পাদক শামীম মোল্লার নেতৃত্বে টিএ রোডে বিক্ষোভ মিছিল নিয়ে পাওয়ার হাউজ রোডে যাবার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে গতকাল সকালে রেলস্টেশনের কন্ট্রোল রুমের ভেতরে ২টি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষের কক্ষে ২টি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেলা বিএনপির ডাকা গতকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলেছে। জেলা শহরে বিএনপির নেতা-কর্মীদের হরতাল সমর্থনে মিছিল বা পিকেটিংয়ে দেখা যায়নি। শহরের উত্তরাংশের কিছু দোকানপাট বন্ধ থাকলেও শহরের দক্ষিণাংশে দোকানপাট ছিল খোলা। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার জামালদিতে গতকাল সকালে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। তবে হরতালে জেলা শহরের মুন্সীগঞ্জ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি: স্থানীয় ছাত্রদলের ডাকা হরতাল গতকাল সোমবার ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে শহরে কাচিঝুলিতে পিকেটারদের হামলায় এ এস আই লুত্ফর রহমান (এবি) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন স্থানে বাস, টেম্পু ও রিকশা-অটো রিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে।