নারী টি-২০ বিশ্বকাপ

সব ম্যাচ হেরে ফিরছে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১২

বছরের মাঝামাঝি মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারতকে দুইবার হারিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা সালমা খাতুনের দলটা আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ। ছন্নছাড়া ব্যাটিংয়ের কারণেই টুর্নামেন্টে সব ম্যাচ হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা।

গতকাল সকালে সেন্ট লুসিয়ায় নিজেদের শেষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে, ইংল্যান্ডের কাছে ডিএল মেথডে সাত উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ রানে হেরেছিল সালমা বাহিনী। টানা চার ম্যাচ হারায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থানও পয়েন্ট তালিকার তলানীতে। টুর্নামেন্টে শুধু বাংলাদেশ ও আয়ারল্যান্ডই কোনো ম্যাচ জিততে পারেনি।

বিশ্বকাপ জুড়েই ব্যাটিংয়ে নাজুক হাল ছিল বাংলাদেশের। বোলাররা কয়েকটি ম্যাচে পারফর্ম করে আশা জাগিয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচেই ব্যাটসম্যানরা বলার মতো পারফর্ম করতে পারেননি। গতকালও যেমন ২০ ওভার ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে ১০৯ রানে আটকে রেখেছিলেন বোলাররা। পরে ব্যাট হাতে আবারও ব্যর্থতার গল্প। ২০ ওভার ব্যাটিং করে পাঁচ উইকেটে ৭৯ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ম্যাচ সেরা হন।

১১০ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ শ্লথ গতির। ২৭ রানে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শারমিন আক্তার ৮, আয়েশা রহমান ৩, নিগার সুলতানা ৪ রান করে আউট হন। চতুর্থ উইকেটে ২৭ রানের জুটি গড়েন ফারজানা হক ও রুমানা আহমেদ। ১৭তম ওভারে ফারজানা ১৯ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। জাহানারা আলম ফিরেন রানের খাতা খোলার আগেই। শেষ পর্যন্ত রুমানা অপরাজিত ৩৪ রান করলেও বাংলাদেশ আর পেরে উঠেনি। দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েলস, নিকার্ক, লুস, ক্লাস, সেকুকুনে একটি করে উইকেট পান।

এর আগে বাংলাদেশের স্পিনারদের তোপে বড় স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। মারিজান ক্যাপ ২৫, লি ২১, ট্রাইওন ১৮, অধিনায়ক নিকার্ক ১৭, ডু প্রিজ ১৪ রান করেন। বাংলাদেশের সালমা ২০ রানে তিনটি, খাদিজাতুল কোবরা দুটি, রুমানা-নাহিদা আক্তার একটি করে উইকেট পান।