শিবগঞ্জে আরো ৫টি ট্রাকে আগুন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৮:৪৮
 
 
শিবগঞ্জে অবরোধ চলাকালে দুর্বৃত্তের হামলায় বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাঁচটি ট্রাকে আগুন, হাল্কা যানবাহন ভাঙচুর, কয়েকটি বাড়িঘরে আগুন ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার বিকালে যৌথবাহিনীর সহযোগিতায় সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ৪৪টি ট্রাক ছেড়ে আসলে মুসলিমপুরে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় একটি পিঁয়াজের ট্রাক পুড়ে যায় ও একটি উল্টে গেলে মালামাল লুটপাট হয়ে যায়। একই দিন সন্ধ্যার সময় কানসার্ট বাজার এলাকায় একটি পিঁয়াজের ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকে আগুন লেগে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাসান জানান, প্রায় ২লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে এবং ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এর কিছুক্ষণ পরে রাত সাড়ে সাতটার দিকে শিবগঞ্জ রসুলপুর মোড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা পণ্যবাহী ২টি ট্রাকে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে ট্রাকে আগুন লেগে যায় এবং চালক লিটন ও রানা গুরুতর আহত হয়। এ সময় লিটনের চোখে আঘাত লাগে। তাকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ রসুলপুর মোড়ে  যৌথবাহিনী জননিরাপত্তার উদ্দেশে টহল দেয়ার সময় দুর্বৃত্তরা কয়েকটি বাড়িতে আগুন দিলে যৌথবাহিনীর সহায়তায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে এলাকাবাসী জানান। এভাবেই আরো কয়েকস্থানে আগুন দিলে স্থানীয় যৌথবাহিনীর সহায়তায় তা নিভাতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে  শিবগঞ্জ থানার ডিউটি অফিসার বানী ইসরাইল জানান, যৌথবাহিনীর সাড়াশি অভিযান চলছে তারা ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।