নোয়াখালীতে ছাত্রদল কর্মী খুন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৩:২৪


নোয়াখালীর সোনাইমুড়ীতে  পারভেজ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে  আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পারভেজ উপজেলা সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের কামলা বাড়ীর আলমগীর হোসেনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষ, গুলি বিনিময়, ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পারভেজ  গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং আওয়ামী লীগ কর্মী জাকিরসহ চারজন গুলিবিদ্ধ হয়। এ সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট সেলিম জানিয়েছেন, পারভেজ স্থানীয় ছাত্রদলের কর্মী।

এদিকে একই ইউনিয়নের মানিক্য নগর গ্রামের মহিলা দাখিল মাদ্রাসার পাশে একটি সুপারী বাগান থেকে কুয়েত প্রবাসী সালে আহম্মেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
শুক্রবার সকালে সকালে স্থানীয় লোকজন এখানে লাশ পড়ে থাকতে দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে কেনাকাটা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তার লাশ পাওয়া যায়।
দুইটি ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) আশরাফুল ইসলাম জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।