পাবনার চাটমোহর উপজেলায় বৃহস্পতিবার রাতে মালবাহী ট্রাকে অবরোধকারীদের আগুন দেয়ার ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর এলাকার কাজীপাড়া নার্সারী মোড়ে আসা মাত্র দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়ে ট্রাকের পিছনে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তৎক্ষণাৎ পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ওই আট নেতা-কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সা. সম্পাদক জগতলা গ্রামের হুসাইন আলী (৩৫), চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বোঁথর গ্রামের গোলজার হোসেন (৪২), যুবদলের যুগ্ম আহ্বায়ক বোঁথর গ্রামের মোজাম্মেল হক, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক বৃ-গুয়াখড়া গ্রামের গোলাম আজম (৩৫), মথুরাপুর গ্রামের যুবদল নেতা ইয়াছিন আলী মেম্বার (৪৭), মথুরাপুর গ্রামের বিএনপি কর্মী মিলন (২৫), উথুলী গ্রামের বিএনপি কর্মী আনসার আলী (৫০) ও মাঝগ্রামের যুবদল নেতা রেজাউল করিম (২৮)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নাশকতার আশঙ্কায় এদেরকে গ্রেফতার করা হয়েছে।
