সমাবর্তনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৮ জানুয়ারি মতিহারের সবুজ চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নবম সমাবর্তন। প্রস্তুতি সম্পর্কে শুক্রবার সকালে সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, 'নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করতে প্রস্তুত। সময় বিবেচনায় আরো অনেকগুলো সমাবর্তন হতে পারতো। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত সমাবর্তন আয়োজনের চেষ্টা করবে।'
বিএনপি-জামায়াতপন্থি সাদা ও সোনালী দলের শিক্ষকদের সমাবর্তন বর্জনের ঘোষণা সম্পর্কে উপাচার্য বলেন, 'রাজনৈতিক চাপে তারা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন। আমার কথা হয়েছে, তারা সমাবর্তনের যোগ দেবেন, সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।'
এসময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল এম হক, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও রাবি চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তালাত আহমদ। নিবন্ধিত ৪ হাজার ৭৭১ গ্রাজুয়েট, শিক্ষক ও অতিথি মিলিয়ে ৬ হাজার মানুষ সমাবর্তনে অংশ নেবেন। বাজেট ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।
সমাবর্তনে আগতদের সুবিধার্থে পদ্মা এক্সপ্রেসে অতিরিক্ত বগি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তনে আগতদের সুবিধার্থে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি বগি সংযোজন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাবির জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অতিরিক্ত বগিসহ পদ্মা ট্রেনটি শুক্রবার রাত ১টায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছাড়বে। শনিবার সকালে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সমাবর্তনে আগতরা প্রয়োজনে ০১৭১১৪৬০০৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
