চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদলের নেতা মতিউর রহমানের (৩৫) মৃত্যুর প্রতিবাদসহ বিভাগজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে রবিবার ভোর থেকে রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার টানা হরতাল আহবান করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এই হরতালের ঘোষণা দেন। তিনি ইত্তেফাককে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি দুইদিনের হরতাল আহবানের পর সন্ধ্যায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ যৌথসভায় মিলিত হন। সভা থেকে বিএনপির রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়। বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগজুড়ে সরকারি হত্যা, জুলুম, নির্যাতন, হামলা, মামলার প্রতিবাদে দুই দিনের হরতালের সম্মতি দেয়া হয়।
প্রসঙ্গত, শুক্রবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান (৩৫) নিহত হন। এই ঘটনাকে হত্যাকান্ড দাবি করে জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জে রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছিল। নিহত মতিউর রহমান শিবগঞ্জের বাজিতপুর গ্রামের উনসার আলীর ছেলে। তবে র্যাবের দাবি, নিহত মতিউর ওই এলাকায় হাতবোমা বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ‘মূলব্যক্তি’ হিসেবে কাজ করতেন।
