সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে পড়ে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। নিহত চাউল ব্যবসায়ী হলো সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের কার্ত্তিক চন্দ্র সরদারের ছেলে দেবাশীষ কুমার সরদার (৪৫)।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফার রহমান জানান, চাল ব্যবসায়ী দেবাশীষ কুমার সরদার দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন দোকান থেকে চাল বিক্রির ৪৮ হাজার টাকা নিয়ে যাত্রীবাহী বাসে চড়ে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার কাছে থাকা ৪৮ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বাসটি পারুলিয়া এলাকায় পৌছালে পাশের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে দেবাশীষকে উদ্ধার করে স্থানীয় সখিপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা গোলাম রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
