২১ বাস ট্রাকে আগুন, ভাংচুর

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ০২:৪৩

অবরোধের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সারাদেশে অন্তত ২১টি যানবাহনে ভাংচুর ও আগুন দেয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে বাস, ট্রাক, কভার্ডভ্যান ও সিএনজি। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজন বিএনপি ও জামায়াত সমর্থককে আটক করেছে। এছাড়া ইতিপূর্বে ঘটে যাওয়া সহিংস ঘটনায় অনেকের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার ধাড়কী বেইলি ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আলু বোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। কাছাকাছি সময়ে জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লীবিদ্যুত্ এলাকায় চালবাহী পাঁচটি ট্রাক ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি জামায়াতের তিন কর্মীকে আটক করে এবং র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১০নং সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় পিকেটাররা গাছ বোঝাই দুইটি ট্রাক ও ১টি ক্যাভার্ড ভ্যানে আগুন দেয়। পুলিশ গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম - কাপ্তাই সড়কের  রাঙ্গুনিয়া পৌরসভার কর্ণফুলি জুটমিলের নিকটে একটি পার্কিং করা বাসে বৃহস্পতিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুইটি মোটর সাইকেল যোগে একদল দুর্বৃত্ত এসে গান পাউডার ছিঁটিয়ে বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, জেলার রামগঞ্জ উপজেলায় সমিতির বাজার সড়কে হাফেজ মেম্বার ব্রিজের সামনে বৃহস্পতিবার রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত চালক ও যাত্রীদের নামিয়ে পেট্রোল টেলে একটি সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেয়।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সামনে রাখা এন মল্লিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলা করে অবরোধকারীরা। এতে কাভার্ড ভ্যানটিতে আগুন লেগে যায়। পরে টহল পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে এবং অবরোধকারীদের ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় অবরোধ সমর্থকরা বৃহস্পতিবার রাতে নেত্রকোনা পৌর এলাকার ছোট গাড়া নামক স্থানে বালু বোঝাই লরিতে অগ্নিসংযোগ করে। চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে বৃহস্পতিবার রাতে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাকে আগুন দেয়া হয়। দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়ে ট্রাকের পেছনে আগুন ধরিয়ে দেয়।
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের মিনাজপুর নামকস্থানে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি, মিতালী পরিবহনের দুইটি, সুরমা পরিবহনের একটি বাস ও দুইটি ট্রাক ভাংচুর করা হয়। অবরোধকারীরা বাসে আগুন দেয়ার চেষ্টা করলে যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। তখন গ্রামবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়।
এছাড়া যশোর, নাগপুর (টাঙ্গাইল), কেন্দুয়া (নেত্রকোনা), গাইবান্ধা, টাঙ্গাইল ও সৈয়দপুর থেকে আমাদের প্রতিনিধি এবং সংবাদদাতারা বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের গ্রেফতারের খবর দিয়েছেন। অন্যদিকে কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আহাম্মেদসহ জ্ঞাত ৩৪ ও অজ্ঞাত ১৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া সাভার থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, গত ১১ জানুয়ারি অবরোধ চলার সময় আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কে শ্রমিকবাহী একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি’র ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। আশুলিয়া থানা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান মোহনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে গতকাল শুক্রবার ভোর রাতে মামলাটি দায়ের করা হয়।