সিলেটে গ্রেফতারের তালিকা নিয়ে মাঠে পুলিশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ০২:৪৯

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নগরীতে বিজিবি টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ৩ প্লাটুন বিজিবি টহল দেবে সিলেট নগরীতে। নাশকতাকারী মূল হোতাদের গ্রেফতারে তালিকা নিয়ে মাঠে নেমেছে মহানগর পুলিশ। এই তালিকানুযায়ী অভিযান ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তালিকাভুক্ত নেতাদের বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের অভিযানে তালিকাভুক্ত ১০ নেতা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ, সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ শাফি সাহেদ।