পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শুক্রবার সকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গৌরীপুর হাই স্কুল-কাঠালিয়া বর্ডার-মাওলানা বাড়ি ভায়া সিপাহী বাড়ি সড়ক এবং গৌরীপুর ইউজেডআর স্টিল ব্রিজ-কাঠালিয়া বর্ডার ভায়া গৌরীপুর মিয়াবাড়ি সড়ক নামে এ দুটি রাস্তার নির্মাণ করছে এলজিইডি। এ সময় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে মন্ত্রী দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাতে আরও অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ইউএনও কাজী মাহবুবুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আকতার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ নাসিম হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান, ভাণ্ডারিয়া থানার ওসি এএসএম জাহিদ, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, জেপি নেতা ইউসুফ আলী আকন, আবুল কালাম পোদ্দার, আবুল খায়ের জোমাদ্দার লাকি, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক জোমাদ্দার প্রমুখ। বিকালে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন ভাণ্ডারিয়া শহর রক্ষা বাঁধ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন।
আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার ভাণ্ডারিয়ার বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পৃথকভাবে গৌরীপুর হাইস্কুল, ভাণ্ডারিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ধাওয়া ইউনিয়নের বীণাপাণি বাজার, ইকড়ি ইউনিয়ন স্বাস্থ্য উপ কেন্দ্র ও তেলিখালী ইউনিয়ন কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব ইউনিয়নে কম্বল বিতরণ তদারক করেন দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ ও কর্মকর্তা কাজী আতাহার আলী।
