আগামীকাল রবিবার কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ২০ দলীয় জোট। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ২০ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে এ হরতালের ঘোষণা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ২০ দলীয় জোটের হরতাল চলাকালে কুমিল্লা মহানগরীতে জোটের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এ হরতালের ঘোষণা দেয়া হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে মহানগর জামায়াত নেতা মজিবুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা আমীরুজ্জামান আমির, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর শিবির সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
