এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইঞ্জিনিয়ারকে মারধর পাইলটের

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৭:৪০
 
 
 
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পাইলট বিমানটির ফ্লাইট ইঞ্জিনিয়ারকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের চেন্নাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসগামী এআই ১৪৩ ফ্লাইটটিতে শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা হয়, ফ্লাইটটি ছেড়ে যাওয়ার দেরি নিয়ে বিমানের ককপিটে পাইলট মানিক লাল ও ফ্লাইট ইঞ্জিনিয়ার কান্নানের মধ্যে তর্কাতর্কি হয়, যা পরে মারামারিতে গড়ায়। এ ঘটনার পর কান্নানের নাক দিয়ে রক্ত পড়ছিল এবং তাকে হাসপাতালে নেয়া হয়। পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করার ব্যাপারে কান্নান গোঁ ধরে থাকায় ১৪২ জন যাত্রীবহনকারী ওই ফ্লাইটটি দুই ঘণ্টা দেরি করে রওনা দেয়।
মারধরের ঘটনার পর নিজেকে ককপিটের ভেতরে আটকে রাখা পাইলট মানিক লালকে পরে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, ‘আমরা একটি তদন্তের আদেশ দেব, ইঞ্জিনিয়ার, পাইলট, ক্রু এবং সম্ভাব্য যেসব যাত্রী ঘটনাটি দেখতে পারে, তাদের সঙ্গে কথা বলব।’